করোনার উৎপত্তি হয়তো কখনোই জানা যাবে না: মার্কিন গোয়েন্দা সংস্থা
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো শুক্রবার বলেছে, তারা হয়তো কখনোই করোনাভাইরাসের উৎস শনাক্ত করতে সক্ষম হবে না।
করোনাভাইরাস প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়েছে, নাকি গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে- সে সম্পর্কে তাদের পর্যালোচনার একটি নতুন ও বিশদ প্রতিবেদন প্রকাশের পর এ মন্তব্য করেছে তারা।
আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) অফিস প্রতিবেদনে বলেছে, মানুষ প্রথমবার প্রাকৃতিক উৎস থেকে করোনায় সংক্রমিত হয়েছে বা গবেষণাগার থেকে সংক্রমিত হয়েছে- ২টি অনুমানই যুক্তিযুক্ত। তবে কোনটি ঘটার সম্ভাবনা বেশি বা এর কোনো নির্দিষ্ট মূল্যায়ন আদৌ করা যায় কিনা- সে বিষয়ে বিশ্লেষকরা একমত নন।
করোনাভাইরাস একটি জৈব অস্ত্র হিসাবে উদ্ভূত হয়েছিল বলে যে অনেকে ধারণা করেন, সেটিও ঠিক নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ তত্ত্বের প্রবক্তাদের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে সরাসরি প্রবেশাধিকার নেই উল্লেখ করে তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
এতে আরও বলা হয়, সংক্রমিত কোনো প্রাণী বা সম্পর্কিত ভাইরাস থেকে করোনা ছড়িয়েছে, এমন তথ্যের বিষয়ে ৪ মার্কিন গোয়েন্দা সংস্থা এবং একটি বহু-এজেন্সি সংস্থার 'সামান্য আস্থা' আছে। তবে একটি সংস্থা বলেছে, তাদের 'মোটামুটি আস্থা' আছে যে, প্রথম মানব কোভিড-১৯ সংক্রমণ সম্ভবত একটি পরীক্ষাগার দুর্ঘটনার ফলাফল। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির পরীক্ষা বা প্রাণী পরিচালনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।
চীন শুক্রবার এ প্রতিবেদনের সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছে।
ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক ই-মেইল বার্তায় বলেন, 'কোভিড-১৯ এর উৎপত্তি খুঁজে বের করার জন্য বিজ্ঞানীদের পরিবর্তে গোয়েন্দাদের ওপর নির্ভর করার মার্কিন উদ্যোগ পুরোপুরি রাজনৈতিক প্রহসন। এটি শুধু বিজ্ঞানভিত্তিক উৎস অধ্যয়নকে দুর্বল করবে এবং ভাইরাসের উৎস সন্ধানের বিশ্বব্যাপী প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।'