ওমিক্রনের বিরুদ্ধে মডার্নার বুস্টার ডোজ কার্যকরের দাবি
মডার্নার করোনা টিকার একটি বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মডার্নার চিফ মেডিকেল অফিসার ডা. পল বার্টন এ দাবি করেছেন বলে সোমবার রয়টার্স জানিয়েছে।
মডার্না জানায়, তাদের করোনা টিকার সংস্করণ এমআরএনএ-১২৭৩ 'ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রথম টিকা।' তবে এখনও ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষার জন্য একটি টিকা তৈরির পরিকল্পনা করা হচ্ছে।
আগামী বছরের শুরুর দিকে নতুন টিকার ক্লিনিকাল ট্রায়াল হওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।
ডা. পল বার্টন এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের ১২৭৩ আছে। এটি অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। আমি মনে করি এটি আসন্ন ছুটিতে এবং এই শীতে যখন ওমিক্রনের ভয়াবহ আঘাত হানবে, তখন এটি মানুষকে রক্ষা করবে।'
মডার্না জানায়, তাদের টিকা ২ ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কম অ্যান্টিবডি তৈরি করলেও, একটি ৫০ মাইক্রোগ্রাম বুস্টার ডোজ এর বিরুদ্ধে ৩৭ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করতে পারছে।
একই টিকার ১০০ মাইক্রোগ্রাম বুস্টার ডোজ অ্যান্টিবডির মাত্রা আরও অন্তত ৮০ গুণ বাড়িয়ে দিতে পারে বলে জানায় মডার্না।
তবে এ তথ্যের এখনও পিয়ার রিভিউ করা হয়নি।