উপহারের ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর করলেন ফরাসি রাষ্ট্রদূত
বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে ফ্রান্স।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন মারিন এ টিকা হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের ২ লাখ ৬ হাজার ৪০০ ডোজের একটি চালান ফ্রান্সের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকায় পৌঁছেছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জনগণের প্রতি সংহতির ইঙ্গিত হিসেবে ফ্রান্স সরকারের পক্ষ থেকে কোভিড ভ্যাকসিনগুলো বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
উভয় দেশই যৌথ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত মহামারি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এসময় মহামারির কাটিয়ে উঠতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ফরাসি সরকারের প্রশংসা করেন।