উপহারের ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর সৌদি রাষ্ট্রদূতের
বাংলাদেশকে উপহার হিসেবে ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে সৌদি আরব। আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান এ টিকা হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি সরকার এবং কিং সালমান হিউমানিট্যারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের দেওয়া এই ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর করা হয়।
এ সময় ড. মোমেন সৌদি সরকারের প্রশংসা করে বলেন, 'বিগত বছরগুলোতে এবং করোনা মহামারির সময়ে সৌদি আরব আমাদের অনেক সহায়তা করেছে। এজন্য আমরা কৃতজ্ঞ।'
টিকা হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, কিং সালমান হিউমানিট্যারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পরিচালক ড. আব্দুল্লা আলওয়াদী প্রমুখ উপস্থিত ছিলেন।