আড়াই মাস পরে মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
২ মাস ১৬ দিন পরে মমেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হলো। এর আগে গত বছরের ২৬ অক্টোবর সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছিল।
আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মসিংহ সদর উপজেলার বাসিন্দা ৯০ বছর বয়সী নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া, সদর উপজেলার আরও ২ জন এবং হালুয়াঘাটের একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা ৩ জনই পুরুষ। তাদের বয়স ২৯ থেকে ৮০ বছরের মধ্যে।
হাসপাতালের নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৭ জন রোগী ভর্তি হয়েছেন। মোট চিকিৎসা নিচ্ছেন ৪২ জন। তাদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত, বাকিদের সংক্রমণের উপসর্গ রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
ডা. মহিউদ্দিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৫০ জন। টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৪ জন।