চীনের জিনজিয়াং প্রদেশের পণ্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের উদ্যোগ

স্টার অনলাইন ডেস্ক

চীনের জিনজিয়াং প্রদেশের সব পণ্য নিষিদ্ধ করে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটে আইন পাশ করা হয়েছে। উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর ওপর বেইজিংয়ের গণহত্যার শাস্তি হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র মনে করে, জিনজিয়াং প্রদেশে জোরপূর্বক শ্রম দ্বারা বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়।

আইনটি চূড়ান্তভাবে পাশের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সই নেওয়ার আগে এটি অবশ্যই হাউস অব রিপ্রেজেনটেটিভে পাশ হতে হবে। এই আইনটি কবে নাগাদ চূড়ান্তভাবে পাশ হবে সে বিষয়ে এখনও কেউ পরিষ্কার নয়।

ডেমোক্র্যাট জেফ মের্কলির সঙ্গে সিনেটর মার্কো রুবিও এই আইনটি উপস্থাপন করেন। রুবিও এটি বাস্তবায়নের জন্য হোয়াইট হাউসকে দ্রুত কাজ করার আহ্বান জানান।

রুবিও এক বিবৃতিতে বলেন, ‘মানবতার বিরুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টির চলমান অপরাধের বিরুদ্ধে আমরা অন্ধভাবে বসে থাকতে পারি না এবং এই ভয়াবহ নির্যাতন থেকে আমরা করপোরেশনগুলোকে কোনো মুনাফা আয় করতে দিব না।’

জেফ মের্কলি বলেন, ‘কোনো আমেরিকান করপোরেশনকে এই নির্যাতনকারীদের কাছ থেকে মুনাফা করা উচিত নয়। কোনো আমেরিকানের ক্রীতদাস বানিয়ে রাখা শ্রমিকদের শ্রম থেকে উৎপাদিত পণ্য ক্রয় করা উচিত নয়।’

ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা প্রত্যাশা করেন, এই বিষয়টি হাউজে ভালো সমর্থন পাবে।