করোনা টিকা না নিয়ে অফিসে যাওয়ায় সিএনএন’র ৩ কর্মী বরখাস্ত

স্টার অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের টিকা না নিয়ে অফিসে যাওয়ায় তিন কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকারের বরাত দিয়ে আজ শুক্রবার ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সিএনএন'র প্রেসিডেন্ট জেফ জাকার বলেন, 'গত সপ্তাহে আমরা লক্ষ্য করেছিলাম, নির্দেশ অমান্য করে তিন কর্মী টিকা না নিয়ে অফিসে এসেছেন। তাদের বরখাস্ত করা হয়েছে। কেবলমাত্র দুই ডোজ টিকা নেওয়াদেরই অফিসে এসে কাজ করার অনুমতি দিয়েছে সিএনএন।'

তিনি আরও বলেন, 'তিন জনকেই বরখাস্ত করা হয়েছে। আমি পরিষ্কারভাবে বলছি, আমাদের এ বিষয়ে জিরো-টলারেন্স নীতি। মাঠ পর্যায়ের সব কর্মীদেরও বাধ্যতামূলকভাবে টিকা দিতে হবে, এমনকি যদি তারা অফিসে নাও আসেন।'

তবে, কীভাবে ওই তিন কর্মীর টিকা না দেওয়া সম্পর্কে তারা জেনেছেন সেটি পরিষ্কার করেননি জাকার। ওই তিন কর্মীর নাম বা পরিচয়ও প্রকাশ করা হয়নি।

সিএনএন তার কর্মীদের টিকা নেওয়ার অবস্থা পর্যবেক্ষণ করতে একটি সিস্টেম ব্যবহার করছে। ওয়ার্নার মিডিয়া পরিচালিত নেটওয়ার্কটি যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম যারা তাদের ভ্যাকসিন নীতিমালা লঙ্ঘনকারী কর্মীদের বহিষ্কার করেছে।

যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রতিষ্ঠানেই এখন কর্মীদের জন্য বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের নোটিশ দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্টও করোনা টিকা নেওয়াকে বাধ্যতামূলক করে নোটিশ দিয়েছে।

গত মাসে, টিকা নিতে অস্বীকৃতি জানানোর কারণে ছয় সিনিয়র মেডিকেল কর্মীকে বরখাস্ত করেছে নিউ জার্সির বৃহত্তম স্বাস্থ্যসেবা ব্যবস্থা। মার্চে নিউইয়র্কের ডারহাম কাউন্টিতে এক ডেপুটি শেরিফকেও বরখাস্ত করা হয়েছিল এবং জুনে হিউস্টন মেথোডিস্ট হাসপাতালের ১৫০ জনেরও বেশি কর্মচারী বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন দেওয়ার নীতিমালা প্রত্যাখ্যান করে পদত্যাগ করেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গুগল, ফেসবুক, উবার, মরগান স্ট্যানলি ও টাইসন ফুডসসহ যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ভ্যাকসিন না নেওয়ার কারণে কর্মীদের বহিষ্কার আরও সাধারণ হয়ে উঠতে পারে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সব ফেডারেল সরকারি কর্মীদের টিকা নেওয়া, মাস্ক পরা এবং করোনা শনাক্তের জন্য বারবার পরীক্ষা করার নির্দেশ দেন।