হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্পের সম্পদ বাড়ছে

স্টার অনলাইন ডেস্ক

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ ক্রমশই বাড়ছে বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।

ফোর্বসের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউস ছাড়ার ১৪ মাসেরও বেশি সময় পর ট্রাম্পের মোট সম্পদ বেড়ে ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের মোট সম্পদ ছিল সাড়ে ৪ বিলিয়ন ডলার। প্রেসিডেন্ট থাকার সময় তার সম্পদের পরিমাণ কমতে কমতে ২০২০ সালে ২ দশমিক ১ বিলিয়ন ডলারে এসে ঠেকে। তবে, এরপর থেকে তার সম্পদ ক্রমশ বাড়ছে।

প্রতিবেদন মতে, ২০২১ সালে ট্রাম্পের সম্পদ খানিকটা বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিকল্প হিসেবে ট্রুথ সোশ্যাল চালুর পর ট্রাম্পের সম্পদের পরিমাণ বেড়েছে বলে মনে করছে ফোর্বস।

এতে বলা হয়, ৭৫ বছর বয়সী ট্রাম্প প্রযুক্তিখাতে বিনিয়োগ করছেন। যদিও তিনি ইমেল ব্যবহার করেন না। অভিজ্ঞতা নেই এমন খাতেও বিনিয়োগ করতে ট্রাম্প ভয় পান না।

প্রেসিডেন্ট হিসেবে থাকার চেয়ে ব্যবসায়ী হিসেবে থাকাটা ট্রাম্পের জন্য বেশি লাভজনক উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, 'সম্প্রতি, ট্রাম্প তার সম্পদের পরিমাণ ৪৩০ মিলিয়ন ডলার বৃদ্ধি করেছেন।'

প্রতিবেদন মতে, নিজের সম্পদের পরিমাণ বাড়িয়ে বলার প্রবণতা ট্রাম্পের আছে। ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় তিনি বলেছিলেন, 'আমি সত্যিই একজন ধনী মানুষ। আমার মোট সম্পদ ৮ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।'

তবে, ফোর্বসের হিসাবে ২০১৫ সালে ট্রাম্পের মোট সম্পদ ছিল ৪ দশমিক ১ বিলিয়ন ডলার।