রাশিয়া ইস্যুতে ভারতের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরদের

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করায় ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ২ মার্কিন সিনেটর।

আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান সিনেটর জন কর্নি এবং ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার গত মঙ্গলবার বাইডেনকে এ ব্যাপারে চিঠি লিখেন।

চিঠিতে জাতীয় নিরাপত্তা এবং বৃহত্তর সহযোগিতার ভিত্তিতে মওকুফের আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ২ দেশের ক্রমবর্ধমান সহযোগিতার সম্পর্ককে বিপন্ন করবে।

দুই সিনেটর লিখেন, 'আমরা বিশ্বাস করি, সিএএটিএসএ নিষেধাজ্ঞার প্রয়োগ ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে, এর মাধ্যমে রাশিয়ার অস্ত্র বিক্রি রোধ করার উদ্দেশ্য পূরণ করা যাবে না।'

দীর্ঘদিনের প্রতিপক্ষ পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ভারত ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ৫টি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি সই করে।  

কিন্তু, এটি যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র ২০১৭ সালে একটি আইন পাস করেছে. যার আওতায় রাশিয়ার প্রতিরক্ষা ও গোয়েন্দা খাতের সঙ্গে জড়িত হলে যে কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।

ভারত ইতোমধ্যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য অর্থ পরিশোধ শুরু করেছে। গত বছর একই সরঞ্জাম কেনার জন্য তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।