যুক্তরাষ্ট্রে থাইল্যান্ড থেকে নোংরা-ব্যবহৃত মেডিকেল গ্লাভস আমদানি
করোনাভাইরাস মহামারির শুরু থেকেই মেডিকেল গ্রেড নাইট্রাইল গ্লাভসের চাহিদা অনেক বেড়ে যায়। বিশ্বজুড়ে গ্লাভসের বাড়তি চাহিদা ও প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকার সুযোগ নিয়ে থাইল্যান্ডের কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের ও পূর্বে ব্যবহৃত গ্লাভস বক্সে ভরে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে, ১০ মিলিয়নেরও বেশি নকল ও পূর্বে ব্যবহৃত নাইট্রাইল গ্লাভস যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও থাইল্যাণ্ডের কর্তৃপক্ষ এখন অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গ্লাভস খাতকে 'প্রতারণায় পূর্ণ' বলে বর্ণনা করছেন। পিপিই বিশেষজ্ঞ ডগলাস স্টেইন সিএনএনকে জানান, নাইট্রাইল গ্লাভস হচ্ছে এখন 'পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পণ্য'।
তিনি বলেন, 'এই মুহূর্তে বিপুল পরিমাণ মানহীন পণ্য আসছে। যুক্তরাষ্ট্রে বিরামহীনভাবে ময়লা, পূর্বে ব্যবহৃত এবং নিম্নমানের গ্লাভস আসছে এবং কর্তৃপক্ষ সবেমাত্র এই সমস্যার ভয়াবহতা বুঝে উঠতে পেরেছে।'
ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী ও রোগীদের ওপর ঝুঁকির সম্ভাবনা থাকা সত্ত্বেও মার্কিন কর্তৃপক্ষ এই অবৈধ বাণিজ্য বন্ধ করতে পারেনি। এর পেছনে দায়ী মেডিকেল সুরক্ষা উপকরণ আমদানির ওপর আরোপিত বিধিনিষেধগুলোকে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত, যেটি মহামারির সবচেয়ে ভয়াবহ সময়ে কার্যকর করা হয়েছিল। এখনও এই বিধিনিষেধগুলো স্থগিত আছে।
২০২০ সালের ডিসেম্বরে ব্যাংককের একটি গুদামে অভিযান চালিয়ে হাজারো ময়লা ও পূর্বে ব্যবহৃত নাইট্রাইল গ্লাভস জব্দ করা হয়েছিল। থাই কর্তৃপক্ষ জানায়, প্রতারক প্রতিষ্ঠানগুলো এ ধরনের গ্লাভসগুলোকে পরিষ্কার করে এবং প্যাকেটে ভরে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে।
এ বছরের ফেব্রুয়ারি ও মার্চে একটি মার্কিন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সতর্ক করে। তারা একটি থাই প্রতিষ্ঠানের কাছ থেকে নিম্নমানের এবং ভিজে নষ্ট হয়ে যাওয়া গ্লাভসের চালান পাওয়ার কথা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে (এফডিএ) জানায়।
এরপরও উল্লিখিত থাই প্রতিষ্ঠান পরবর্তী মাসগুলোতে আরও কয়েক লাখ গ্লাভস রপ্তানি করে। জুলাই মাসেও তাদের কাছ থেকে চালান এসেছে যুক্তরাষ্ট্রে।
মার্কিন এফডিএ জানায়, আলাদা আলাদা ঘটনা নিয়ে কোনো মন্তব্য নেই। তবে 'এ বিষয়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা সীমান্ত এবং আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে তাদের তদন্ত এবং মেডিকেল পণ্য নিরীক্ষণ ও মূল্যায়নের অভিজ্ঞতাকে ব্যবহার করে অননুমোদিত পণ্য বিক্রি বন্ধ করতে পারার ব্যাপারে আশাবাদী।'
থাই এফডিএ জানায়, তারা সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে ১০টি অভিযান চালিয়েছে এবং প্রচুর নিম্নমানের এবং পূর্বে ব্যবহৃত গ্লাভস জব্দ করেছে, যেগুলোকে রপ্তানির জন্য নতুন করে নকল নাইট্রাল বক্সে সংরক্ষণ করা হচ্ছিল। কয়েকটি অভিযানে দেখা গেছে, কর্মীরা ব্যবহৃত গ্লাভসকে পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে এবং সেগুলোকে খাবারে ব্যবহৃত রঙ দিয়ে উজ্জ্বল করছে।
ডগলাস স্টেইন মনে করেন, এই প্রতারণার পরিমাণ সার্বিকভাবে কয়েক বিলিয়ন ডলারের সমান হবে।