পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন বাইডেন
ভ্যাটিকান সিটিতে আজ শুক্রবার দুপুরে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৯০ মিনিটের বৈঠক করেছেন দুজন।
এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, তাদের সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ছিল।
হোয়াইট হাউজের এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, বিশ্বে দারিদ্র্য, ক্ষুধা, সংঘাত ও নিপীড়নে ভুগছেন- এমন মানুষদের সমর্থনের জন্য পোপকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
তিনি জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে পোপ ফ্রান্সিসের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি, সবার জন্য টিকা নিশ্চিতকরণ এবং ন্যায়সঙ্গত বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে সবার জন্য মহামারির ইতি টানার বিষয়ে পোপের সমর্থনের প্রশংসা করেন তিনি।
ইতালির রোমে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন এবং স্কটল্যাণ্ডের গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের আগে এ সাক্ষাৎকে ব্যক্তিগত ও রাজনৈতিক সাক্ষাৎ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পোপের সঙ্গে বৈঠকের পর বাইডেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও সার্জিও মাত্তারেলার সঙ্গে দেখা করেন।