এশিয়ার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বাইডেনের

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সমুদ্রসীমার অধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে।

এ ছাড়া, তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে 'জবরদস্তিমূলক' এবং 'শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি' বলে অভিহিত করেছেন তিনি।

অনলাইনে অনুষ্ঠিত আসিয়ানের ভার্চুয়াল সম্মেলনে গতকাল বুধবার এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংও এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাইডেন বলেন, ওয়াশিংটন ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে একটি আঞ্চলিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা শুরু করবে।

যুক্তরাষ্ট্রের তাইওয়ানের প্রতি 'পাথরের মতো দৃঢ়' প্রতিশ্রুতি রক্ষার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা চীনের জবরদস্তি কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।'

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, 'সবার স্বার্থেই দক্ষিণ চীন সাগরে শান্তি, স্থিতিশীলতা, নৌ চলাচলের স্বাধীনতা এবং ওভারফ্লাইট বজায় রাখতে হবে। দক্ষিণ চীন সাগর আমাদের সবার বাড়ি।' 

সম্মেলনে মিয়ানমার প্রসঙ্গেও কথা বলেন বাইডেন।

মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের মুক্তি ও দেশটিকে গণতন্ত্রে ফেরার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, 'মিয়ানমারে আমাদের অবশ্যই সামরিক অভ্যুত্থানের কারণে সৃষ্ট ট্র্যাজেডিকে মোকাবিলা করতে হবে, যা ক্রমবর্ধমানভাবে আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে।'

মিয়ানমারের কোনো প্রতিনিধি ছাড়াই গত মঙ্গলবার থেকে আসিয়ানের ৩দিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।