এবার বিমানযাত্রীকে ঘুষি মারলেন মাইক টাইসন

স্টার অনলাইন ডেস্ক

প্রাক্তন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন একজন বিমানযাত্রীকে ঘুষি মেরেছেন বলে অভিযোগ উঠেছে। টাইসনের দাবি, লোকটি তার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে যান। বুধবার বিমানটি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ফ্লোরিডা যাওয়ার আগে এই ঘটনা ঘটে। 

মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, টাইসন তার পেছনের আসনে ঝুঁকে পড়ে লোকটিকে আঘাত করছেন। যিনি এ ঘটনায় আঘাতপ্রাপ্ত হন ও তার মুখে রক্ত দেখা গেছে। 

টিএমজেড এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, মাইক প্রথমে ওই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু লোকটি তাকে উসকানি দেওয়া বন্ধ না করলে তিনি আক্রমণ করে বসেন।

উড়োজাহাজের একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'টাইসন ওই লোকটির কানে কানে কথা বলেন... এবং তাকে শান্ত হতে বলেছিলেন। লোকটি তা না করলে টাইসন তার মুখে বেশ কয়েকটি ঘুষি মারেন।'

এ ঘটনার পর বিমানটি ফ্লোরিডার উদ্দেশে ছেড়ে যাওয়ার আগেই টাইসন নেমে হাঁটতে শুরু করেন।

মার্কিন পুলিশ, জেট ব্লু এয়ারলাইন এবং টাইসনের প্রতিনিধিরা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

এর আগে অস্কার অনুষ্ঠানে ক্রিস রককে ঘুমি মেরে সমালোচিত হন অভিনেতা উইল স্মিথ।