৩০ নারী ট্রেনচালকের পদে ২৮ হাজার আবেদন

স্টার অনলাইন রিপোর্ট

সৌদি আরবে ৩০ নারী ট্রেনচালকের পদে আবেদন করেছেন অন্তত ২৮ হাজার প্রার্থী।

গতকাল বুধবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীল দেশটির নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে কাজের চাহিদা বেড়েছে।

স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গণমাধ্যমকে জানিয়েছে, প্রার্থীদের যোগ্যতা অনলাইনে যাচাই করা হবে। তাদের শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতা দেখার পর এই সংখ্যা অন্তত অর্ধেক কমে যাবে।

আগামী মার্চের মাঝামাঝি প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষ হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদন মতে, ৩০ যোগ্য প্রার্থী চাকরি পাওয়ার পর তারা পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে পরিচালিত বুলেট ট্রেন চালাবেন। নতুন চালকদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে।
রেলওয়ে অপারেটর রেনফে আরও জানিয়েছে বর্তমানে সৌদিতে তাদের ৮০ জন পুরুষ ট্রেনচালক রয়েছে। তারা নারীদের জন্য পদ সৃষ্টিতে আগ্রহী।

প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক বছর আগ পর্যন্তও সৌদি আরবে নারীরা শুধু শিক্ষকতা ও হাসপাতালকর্মী হিসেবে কাজের সুযোগ পেতেন। ২০১৮ সালের আগ পর্যন্ত তাদের গাড়ি চালানোও নিষিদ্ধ ছিল।