‘হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র বানাতে পারে, এখন বানাচ্ছে ড্রোন’
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এখন ড্রোন তৈরি করছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ।
গতকাল বুধবার সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে বলেছেন, 'আমরা দীর্ঘদিন থেকে লেবাননে ড্রোন বানাচ্ছি। যারা ড্রোন কিনতে চান, তারা দরপত্র দাখিল করতে পারেন।'
তিনি জানান, হিজবুল্লাহ মানসম্মত রকেটকে নির্ভুল ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে। এ কাজে ইরানি 'বিশেষজ্ঞরা' সহায়তা করছেন।
ইসরায়েল ড্রোনের ব্যবহার ক্রমাগত বাড়ানোর কারণে হিজবুল্লাহ ড্রোন উৎপাদনে গিয়েছে বলেও জানান তিনি।
ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে একে অপরকে শত্রু মনে করে। তারা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারা ইরানের পরমাণু সক্ষমতার পর হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে 'দ্বিতীয় চরম হুমকি' হিসেবে অভিহিত করে আসছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, নাসরুল্লাহর দাবি হিজবুল্লাহ অস্ত্র প্রকল্পগুলোর বিরুদ্ধে ইসরায়েলের উদ্যোগ সংগঠনটির জন্য 'শাপে বর' হয়েছে।
তিনি আরও দাবি করেন, ১৯৯৭ সালের পর থেকে হিজবুল্লাহ লেবাননের আকাশ প্রতিরক্ষায় মনোযোগ দিয়েছে। এরপর থেকে লেবাননের ওপর ইসরায়েলি জঙ্গি বিমানের চলাচল কমে গেছে।
শত্রুর (ইসরায়েল) বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা আবারও জানিয়ে নাসরুল্লাহ বলেন, 'ঘরে-বাইরে শত প্রতিকূলতা সত্ত্বেও হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করছে। ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিচ্ছে এবং জেরুজালেম ও অন্যান্য পবিত্রস্থানের ওপর নজর রয়েছে।'