সংযুক্ত আরব আমিরাত সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর ১১ বছর পর এই প্রথম কোনো আরব দেশে সফর করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
তিনি শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে দেখা করেছেন। যারা আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদের এই সফর তার আরব প্রতিবেশীদের সঙ্গে সিরিয়ার সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার ইঙ্গিত।
তবে যুক্তরাষ্ট্র এই সফরের সমালোচনা করেছে এবং দেশটি বলেছে তারা 'অত্যন্ত হতাশ'।
এই সফরে আসাদের সঙ্গে দেখা করেন দুবাইয়ের কোটিপতি শাসক ও সম্প্রতি কিছু বিতর্কে জড়ানো শেখ মোহাম্মদ আল মাকতুম।
আসাদ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবিতে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে দেখা করেন। আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আসাদ জোর দিয়ে বলেন- সিরিয়া আরব নিরাপত্তার একটি মৌলিক স্তম্ভ এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
এসময় উপস্থিত নেতারা সিরিয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত কীভাবে রাজনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করতে পারে এবং কীভাবে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
প্রেসিডেন্ট আসাদ ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ছবিও তোলেন।