হুতির হামলায় সৌদির আরামকো তেল ডিপোর ২টি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত

স্টার অনলাইন ডেস্ক

সৌদি আরবের জেদ্দা শহরে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ডিপোতে হুতির হামলায় ২টি স্টোরেজ ট্যাঙ্ক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার সৌদির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গতকাল অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় জেদ্দা শহরের একটি তেল স্থাপনার ওপরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী।

এপির প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শেষে জেদ্দায় ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তার আগেই এই হামলা হলো।

ওই হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের বাড়তে শুরু করে বলে জানিয়েছে সিএনবিসি। সংবাদমাধ্যমটি গতকাল এক প্রতিবেদনে বলেছিল, ওই হামলার পর ব্রেন্ট ক্রুড ১.২০ ডলার বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একইসময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে রয়টার্সের আজকের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতিরা জানিয়েছে- গতকাল শুক্রবার তারা সৌদির জেদ্দায় জ্বালানি স্থাপনায় হামলা চালায়। হামলায় আরামকোর পেট্রোলিয়াম স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২টি স্টোরেজ ট্যাঙ্কে আগুন লেগেছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, 'সৌদি আরবের তেল স্থাপনায় হামলা বন্ধ' এবং 'বৈশ্বিক জ্বালানি উৎসগুলো রক্ষায়' ইয়েমেনে সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি জোট বলছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা এবং লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহে বিমান হামলা চালানো হচ্ছে।

'বৈশ্বিক জ্বালানি উৎসগুলো রক্ষা করা এবং সরবরাহ চেইন নিশ্চিত করার লক্ষে' এ অভিযান চলছে উল্লেখ করে জোট বলছে, লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ইরান-সমর্থিত হুতিদের 'শত্রুতামূলক আচরণের' পরিণতি ভোগ করতে হবে।

এর আগে জোটের উদ্ধৃতি দিয়ে সৌদি সংবাদমাধ্যম বলে, জোট বেসামরিক নাগরিকদের হোদেইদাহের তেলক্ষেত্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

আরামকোর তেল ডিপোতে হুতি হামলার নিন্দা জানিয়েছেন কিছু দেশের নেতারা। এরমধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আছেন।