ইরান গত বছর ২৮০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে: জাতিসংঘ
ইরান গত বছর অন্তত ২৮০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মধ্যে অন্তত ১০ জন নারী। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৮০ জনের বেশি এবং নারী ছিলেন একজন।
আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, জাতিসংঘের বিশেষ দূত জাভেদ রেহমান গতকাল জানিয়েছেন—ইরানে মাদক আইনে মৃত্যুদণ্ডের সংখ্যা বেশ বেড়েছে।
তিনি বলেন, '২০২১ সালে ইরানে অন্তত ২৮০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জন নারী।'
জাভেদ জানান, তিনি ১৮ বছরের কম বয়সী ৩ শিশুর মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদও পেয়েছেন।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর সংখ্যাও বেড়েছে।
একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের সংখ্যা বেড়েছে উল্লেখ করে বলা হয়, ইরান গত বছর ৫০ কুর্দি ও ৪০ বেলুচকে মৃত্যুদণ্ড দিয়েছে।
ইরানের বিচার বিভাগের সহসভাপতি ও মানবাধিকার সংস্থার মহাসচিব কাজেম গরিবাবাদি জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, এটি 'পক্ষপাতদুষ্ট' ও 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত'।