ইউরোপ দ্রুত ব্যবস্থা নিলে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা যাবে: জেলেনস্কি
ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে ইউরোপীয় নেতারা পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ শুক্রবার কিয়েভে তার কার্যালয় থেকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ইউরোপীয় নেতারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিলে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা যাবে বলে উল্লেখ করেন জেলেনস্কি।
তিনি বলেন, 'আপনারা প্রতিক্রিয়া জানানোর জন্য যথেষ্ট কাজ করছেন না।'
এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়নের সব নাগরিকদের প্রতি প্রতিবাদ করার এবং নিজ নিজ দেশের সরকারকে আরও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণে বাধ্য করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
'আমি নিশ্চিত যে আপনারা সবাই, পুরো ইউরোপ এটি দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা এই বিষয়ে কী করতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না', যোগ করেন তিনি।
তিনি বলেন, যেভাবে ট্যাঙ্ক ও বিমান হামলা হচ্ছে, অনেকটা একই রকম ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ দেখেছিল। তখন বলা হয়েছিল, এমন ঘটনা আর ঘটবে না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ বছর পর এখন এটি আবার ঘটছে।