রুশ উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করছে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র
ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার উড়োজাহাজ চলাচলে নিজেদের আকাশসীমা বন্ধের প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, পোল্যান্ডের আকাশসীমায় রুশ উড়োজাহাজ চলাচলে বাধা দিতে দেশটির প্রধানমন্ত্রী ম্যাথিউস মোরাভিকি সরকারকে একটি রেজ্যুলেশন তৈরি করতে বলেছেন।
এদিকে চেক সংবাদমাধ্যম এবং রাশিয়ান সংবাদ সংস্থা নভোস্তি জানায়, কয়েকটি রুশ উড়োজাহাজ চলাচল সংস্থার জন্য প্রাগ আকাশসীমা বন্ধ করার কথা 'বিবেচনা' করছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লটকে ব্রিটেনে অবতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এই সিদ্ধান্তকে 'যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত' উল্লেখ করে আজ শুক্রবার রাশিয়া তার আকাশসীমায় যুক্তরাজ্য সংযুক্ত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।