রাশিয়ার সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠক করতে চায় ইউক্রেন
ইউক্রেন তার সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে রাশিয়া এবং একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় নিরাপত্তা গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছে।
আজ সোমবার বিবিসি জানায়, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, 'সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে ব্যাখ্যা দিতে আনুষ্ঠানিক অনুরোধ উপেক্ষা করেছে রাশিয়া।'
তিনি বলেন, 'পরবর্তী ব্যবস্থা হিসেবে রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি বৈঠকের আহ্বান জানানো হয়েছে।'
ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া দেশটিতে আক্রমণের পরিকল্পনা অস্বীকার করে আসছে।
তবে কিছু পশ্চিমা দেশ সতর্ক করেছে যে, রাশিয়া সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে, মস্কো যেকোনো সময় বিমান থেকে বোমা হামলা শুরু করতে পারে।
এই যুদ্ধ উত্তেজনার মধ্যে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং কিছু দূতাবাস তাদের কর্মীদের রাজধানী থেকে সরিয়ে নিয়েছে।
৩টি সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার কিয়েভ থেকে তার সব কর্মীদের প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে।