রাশিয়ার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেব না: জর্জিয়ার প্রধানমন্ত্রী
ইউক্রেনে হামলা স্বত্বেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ করতে রাজি নয় প্রতিবেশী দেশ জর্জিয়া। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নিচ্ছে না দেশটি।
জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাসভিলির বরাত দিয়ে শুক্রবার রাশিয়ান টাইমস এ খবর জানিয়েছে।
জাতীয় স্বার্থে জর্জিয়া এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য ইস্যু থাকা স্বত্বেও আমরা রাশিয়ার সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক কমাতে সক্ষম হয়েছি। এটা জর্জিয়ার জাতীয় স্বার্থের জন্য প্রয়োজন ছিল।'
'আমি তাদের (রাশিয়ার) বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেব না,' বলেন প্রধানমন্ত্রী ইরাকলি।
শুক্রবার একটি বিবৃতিতে জর্জিয়ার ন্যাশনাল ব্যাংক জানায়, পশ্চিমা শক্তি নিষেধাজ্ঞা দিলেও তারা রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংকের স্থানীয় শাখার সঙ্গে লেনদেন বজায় রাখবে।
ভিটিবি ব্যাংকের সঙ্গে লেনদেনকারীদের স্বার্থ 'সম্পূর্ণ সুরক্ষিত' আছে বলে জানিয়েছে ন্যাশনাল ব্যাংক।
