রাশিয়ার সঙ্গে ইউরোপ বা যুক্তরাষ্ট্র কেউ যুদ্ধ চায় না: ফরাসি প্রতিরক্ষামন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, রাশিয়ার সঙ্গে কোনো ইউরোপীয় রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ চায় না, কারণ রাশিয়া একটি পারমাণবিক শক্তি।

শুক্রবার রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন, রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে।

সাক্ষাৎকারে ফ্লোরেন্স পার্লি বলেন, 'আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি। আমি মনে করি না কোনো ইউরোপীয় রাষ্ট্র বা যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চায়।'

'আমাদের লক্ষ্য যুদ্ধবিরতি,' বলেন তিনি।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী এ সময় রাশিয়া একটি পারমাণবিক শক্তি এবং ন্যাটোরও এ জাতীয় অস্ত্র আছে বলে উল্লেখ করেন।

তবে আপনি কি পারমাণবিক যুদ্ধ চান কিংবা ফ্রান্স ইউক্রেনকে রক্ষা করতে সামরিক বাহিনী পাঠাতে চায় কি না, এমন প্রশ্নের উত্তর তিনি দেননি।

তিনি বলেন, 'পারমণবিক অস্ত্র প্রতিরোধের অস্ত্র। এটা ব্যবহার করা উচিত নয়।'

'ফ্রান্স ও ন্যাটোর অগ্রাধিকার সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে পূর্বাঞ্চলের। কিন্তু ইউক্রেন জোটের অংশ নয়,' যোগ করেন তিনি।

তবে ফ্রান্স 'কখনো কখনো' ইউক্রেনকে প্রতিরক্ষা সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

'আমরা বুঝতে পারছি যে পরিস্থিতি খুবই গুরুতর। ফ্রান্স সতর্কতার সঙ্গে ইউক্রেনের আবেদন পর্যবেক্ষণ করছে। দ্রুত সাড়া দেওয়া হবে,' যোগ করেন  প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স।

গতকাল রাশিয়া ইউক্রেন আক্রমণের পর বর্তমানে দেশটির রাজধানী কিয়েভের কাছাকাছি অবস্থান করছে রুশ বাহিনী। এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও আরও কিছু করার অনুরোধ জানিয়েছেন।