মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ

স্টার অনলাইন ডেস্ক

কিয়েভের মার্কিন দূতাবাস আবারও সেখানে বসবাসরত মার্কিন নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো বাণিজ্যিক বা ব্যক্তিগত পরিবহন অথবা অন্যান্য বিকল্প ব্যবহার করে নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানানো হচ্ছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, যারা এখনো ইউক্রেন ছাড়তে পারেননি তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

ওই বিবৃতিতে ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতিকে 'অত্যন্ত অস্থিতিশীল' হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে 'কোনো সতর্কতা ছাড়াই পরিস্থিতির আরও অবনতি' হতে পারে।

এতে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনের প্রধান প্রধান শহরে আক্রমণ করেছে। এ কারণে ইউক্রেন সরকার বাণিজ্যিক ফ্লাইটের জন্য তার আকাশসীমা বন্ধ রেখেছে।

মার্কিন দূতাবাসের সতর্কতায় বলা হয়েছে, সবাইকে নিকটতম আশ্রয় বা সুরক্ষিত স্থানের অবস্থান জানতে হবে এবং সেখানে আশ্রয় নিতে হবে। মর্টার অথবা রকেট ফায়ারের ক্ষেত্রে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করতে হবে এবং যত দ্রুত সম্ভব এসব এলাকা ত্যাগ করতে হবে। ইউক্রেনের অভ্যন্তরে এখন আর কোনো কূটনৈতিক উপস্থিতি নেই। কূটনীতিকদের যে ছোট দলটি সেখানে ছিল তাদের লভিভ থেকে পোল্যান্ডে স্থানান্তরিত করা হয়েছে।