প্রথম দিনের হামলার সব লক্ষ্য পূরণ হয়েছে: রাশিয়া

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে প্রথম দিনের হামলার সব লক্ষ্য পূরণ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, প্রথম দিন ইউক্রেনে ৮৩টি লক্ষ্যবস্তুকে তারা ধ্বংস করেছে। আর ইউক্রেনের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে ২০৩ বার হামলা করেছে রুশ বাহিনী।

রুশ সেনারা ইউক্রেনের সঙ্গে তাদের সীমান্ত অতিক্রম করার পর পরি বেলারুশ ও ক্রাইমিয়ার দিক থেকেও হামলার খবর আসতে শুরু করে। সেই সঙ্গে কৃষ্ণ সাগর থেকেও রুশ বাহিনী ইউক্রেনে অবতরণ করেছে। অর্থাৎ, স্থল, আকাশ ও সাগর সব দিক থেকেই হামলা চলছে।

ইউক্রেন বলেছে রুশ হামলায় তাদের ৪০ জন সেনা নিহত হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন বেসামরিক ব্যক্তির প্রাণহানির কথাও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে রাশিয়ার ৫০ জন সেনা সদস্য নিহত হওয়ার দাবি করা হয়েছে। তবে নিরপেক্ষভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

রয়টার্স জানায়, ইউক্রেনের সামি, উত্তর-পূর্বের খারকিভ, খেরসন ও দক্ষিণের ওডেসায় তীব্র লড়াই চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন উপদেষ্টা জানান, রুশ বাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে। রাজধানী কিয়েভ থেকে মাত্র ৯০ কিলোমিটার উত্তরে এর অবস্থান। কিয়েভ এলাকার হস্টমেল বিমানবন্দরও এখন রাশিয়ার দখলে। এই বিমানবন্দরে রুশ প্যারাট্রুপাররা নেমেছে।

ইউক্রেনকে রক্ষা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক আবেগঘন ভাষণে বলেছেন, দেশের জন্য যারাই যুদ্ধ করতে প্রস্তুত তাদের অস্ত্র সরবরাহ করা হবে। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ হয়েছে। ইউক্রেনে সংঘাত বন্ধ করতে পুতিনকে আহ্বান জানিয়েছেন মোদি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।