‘ডিএনএ বেহাত হবে’ আশঙ্কায় রাশিয়ার করোনা পরীক্ষায় ‘না’ ফ্রান্সের প্রেসিডেন্টের

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি দীর্ঘ বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সেই বৈঠকের আগে তাকে রাশিয়ায় করোনা পরীক্ষা করাতে বলা হলেও তাতে রাজি হননি মাখোঁ।

ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করেছে বলে আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র বিবিসিকে বলেছে, করোনা পরীক্ষার জন্য যে স্বাস্থ্য প্রোটোকলের প্রয়োজন ছিল তা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। মাখোঁর সময়সূচির সঙ্গেও খাপ খাচ্ছিল না ওই পরীক্ষা।

আরেকটি ফরাসি কূটনৈতিক সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছে, করোনা পরীক্ষার মাধ্যমে রাশিয়ার কাছে মাখোঁর ডিএনএ চলে যেত এবং এর অপব্যবহার হতে পারত। এই আশঙ্কার কারণে পরীক্ষার দিকে যেতে চাননি তারা।

কূটনৈতিক সূত্রটি রয়টার্সকে জানায়, মাখোঁকে বলা হয়েছিল পুতিনের কাছাকাছি যাওয়ার জন্য হয় তাকে রাশিয়ান পিসিআর পরীক্ষা করতে হবে অথবা কঠোর সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে। মাঁখো দ্বিতীয়টিই বেছে নিয়েছিলেন।

করোনা পরীক্ষা না করায় পুতিন-মাখোঁর বৈঠক হয় সামাজিক-দূরত্ব রেখে। বড় একটি টেবিলের ২ কোণায় বসে কথা বলেন ২ জন। করমর্দনও করেননি তারা।

ফরাসি সূত্রটি রয়টার্সকে বলে, 'আমরা খুব ভালো করেই জানতাম, করমর্দন হবে না এবং লম্বা টেবিল থাকবে। কিন্তু প্রেসিডেন্টের ডিএনএতে তাদের হাত যাবে, সেটা আমরা মেনে নিতে পারিনি।'

তবে কীভাবে রাশিয়ান গোয়েন্দা সংস্থাগুলো মাখোঁর ডিএনএর অপব্যবহার করতে পারে, সে সম্পর্কে সূত্রটি বিশদভাবে কিছু বলেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ফ্রান্সের অবস্থান বুঝতে পেরেছে। এ বিষয়টি ২ পক্ষের আলোচনায় কোনো প্রভাব ফেলেনি।