‘চুক্তি ভেঙে আজারবাইজানের ড্রোন হামলা’

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের চলমান উত্তেজনার মধ্যে ককেশীয় অঞ্চলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজানের বিরোধপূর্ণ অঞ্চল নাগোরনো-কারাবাখকে ঘিরে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার অভিযোগ করেছে যে বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখের যে এলাকা রুশ শান্তিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে সেই এলাকায় চুক্তি ভেঙে আজারবাইজানের সামরিক বাহিনী প্রবেশ করেছে।

তবে মস্কোর এই অভিযোগ অস্বীকার করেছে বাকু।

'নাগোরনো-কারাবাখে আজারবাইজান ৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে' উল্লেখ করে রাশিয়া বলেছে, তারা বাকুকে বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কোর অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি 'এক পেশে'।

মন্ত্রণালয়ের বার্তায় আরও বলা হয়, আর্মেনিয়ার 'অবৈধ' সশস্ত্র দল নাশকতা চালানোর চেষ্টা করছিল। 'তৎক্ষণাৎ ব্যবস্থা' নেওয়ায় তারা সরে গেছে।

২০২০ সালের নভেম্বরে সই করা চুক্তির প্রতি আজারবাইজান শ্রদ্ধাশীল বলেও বার্তায় উল্লেখ করা হয়।

নাগোরনো-কারাবাখ নিয়ে প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের দ্বিতীয় যুদ্ধে বিরোধপূর্ণ অঞ্চলের কিছু অংশ দখল করে নেয় আজারবাইজান। এরপর রাশিয়ার মধ্যস্থতায় বিবদমান পক্ষগুলো যুদ্ধবিরতিতে রাজি হলে মস্কো সেখানে ২ হাজারের মতো শান্তিরক্ষী নিয়োগ করে।