গাদাগাদি করে বাঙ্কারে রাত কাটাল ইউক্রেনবাসী
গাদাগাদি করে ইউক্রেনের বাঙ্কারগুলোয় যুদ্ধের প্রথম রাত কাটলো ইউক্রেনবাসীর। রুশ সেনারা সারারাত রকেট হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তারা বোমা শেল্টারে আশ্রয় নেন। অনেকে আশ্রয় নেন ভূতল মেট্রো স্টেশনে।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনবাসী পরিবার ও পোষা জন্তু নিয়ে গাদাগাদি করে আশ্রয়কেন্দ্র ও সাবওয়ে স্টেশনে রাত কাটিয়েছেন।
এতে আরও বলা হয়, রাজধানীর খারকিভ রেল স্টেশনের দৃশ্য দেখে মনে হয়েছে এটি যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের লন্ডন। সেসময় জার্মান সেনারা ব্রিটেনে বোমা হামলা চালালে মানুষ প্রাণ বাঁচাতে গাদাগাদি করে বাঙ্কার ও ভূতল মেট্রো স্টেশনগুলোয় আশ্রয় নিয়েছিলেন।
রাজধানী কিয়েভে নৈশ কারফিউ দেওয়া হলে মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েন। কিয়েভের ১৫ কিলোমিটার দূরে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রুশ হামলায় ধ্বংস হওয়ায় জনমনে আতঙ্ক ছিল যে রাশিয়া ইউক্রেনের রাজধানীতে রাতে আবার হামলা চালাবে।