ইউক্রেন-রাশিয়া সংকট সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে আছে: বরিস জনসন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেন-রাশিয়া সংকট এখন সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে আছে। এ সংকট যুদ্ধে পরিণত হলে তা হবে চরম বিপর্যয়।
আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, বরিস জনসন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা জোটের প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে দেখা করার সময় এ কথা বলেন।
বরিস জনসন আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তের মুখোমুখি হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, দৃঢ় প্রতিরোধ ও ধৈর্যশীল কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের উপায় খুঁজে বের করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে ঝুঁকি অত্যন্ত বেশি বলেও মত দেন তিনি।
রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করলেও ইউক্রেন সীমান্তে দেশটির ১ লাখ সেনা মোতায়েন আছে।
বরিস জনসন বলেন, ইউক্রেন আক্রমণ করবে কি না রাশিয়া সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন না। তবে যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য 'ভয়াবহ' কথা বলছে।
রাশিয়া আক্রমণ করলে যুক্তরাজ্য ইউক্রেনকে সামরিক সমর্থনসহ আরও সমর্থন দেওয়ার দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে ভাববে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা আরও কী করতে পারি তা বিবেচনা করব। এটি সম্ভব, আমি এটিকে উড়িয়ে দিতে চাই না।'
'কিন্তু আমি জোর দিয়ে বলতে চাই, যদি এটি সেই পর্যায়ে যায় এবং ইউক্রেনের মাটিতে গুরুতর ধরনের রক্তপাত হয়, তবে চরম বিপর্যয় ঘটবে', সতর্ক করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।