ইউক্রেন বাহিনীর পোশাক পরা রুশ সেনাদের প্রতিরোধ করা হয়েছে: উপপ্রতিরক্ষামন্ত্রী
কিয়েভের কাছে ওবোলন শহরে শুক্রবার দুপুরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দুটি গাড়ি আটক করেছিল রুশ সেনারা। পরে পোশাক পাল্টে ইউক্রেনীয় সেনাবাহিনীর পোশাক পরে কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা।
তবে ওই রুশ সেনাদের প্রতিহত করা গেছে বলে বিকেলে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী আনা মালিয়ার জানিয়েছেন।
উপপ্রতিরক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইউক্রিনফর্ম এ তথ্য জানিয়েছে।
এর আগে দুপুরে দেওয়া পোস্টে উপপ্রতিরক্ষামন্ত্রী রুশ সেনা কর্তৃক ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ২ গাড়ি আটকের কথা উল্লেখ করেছিলেন। পরে ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ওই রুশ সেনাদের প্রতিরোধ করা হয়েছে উল্লেখ করে পোস্টটি আপডেট করে দেন।
এর আগে শুক্রবার সকালের পর থেকে ইউক্রেনের কিয়েভের সিটি সেন্টারের উত্তরে অবস্থিত ওবোলন এলাকার মধ্য দিয়ে রুশ ট্যাংক চলতে দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।
ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রুশ বাহিনী রাজধানী কিয়েভের বাইরে ছিল এবং ইউক্রেনের সেনারা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও ৪টি ফ্রন্টে অবস্থান নিতে পেরেছিল রুশ সেনারা।