ইউক্রেনে হামলা: শুক্রবার শীর্ষ সম্মেলন ডাকল ন্যাটো প্রধান
রাশিয়ান সেনারা ইউক্রেনে আক্রমণের পর শুক্রবার ন্যাটো জোটের নেতাদের নিয়ে শীর্ষ সম্মেলনের আহ্বান করেছেন সংগঠনটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
বৃহস্পতিবার এপির খবরে এই তথ্য জানানো হয়েছে।
ন্যাটো মহাসচিব বলেছেন, 'রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এবং ইউরোপ মহাদেশের শান্তি নষ্ট করে দিয়েছে।'
তিনি বলেন, 'এটি ইচ্ছাকৃত, ঠাণ্ডা মাথায় দীর্ঘদিন ধরে পরিকল্পিত আক্রমণ।'
বৃহস্পতিবার দিনের শুরুতে ইউক্রেনে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা বা গোলাবর্ষণ করে।
রাশিয়ার হামলায় এ পর্যন্ত ৪০ সেনা ও ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে।
এ অবস্থায় শুক্রবার ন্যাটো জোটের নেতাদের নিয়ে শীর্ষ সম্মেলনের আহ্বান করেছেন ন্যাটো জোটের প্রধান স্টলটেনবার্গ।
ইতিহাস নতুন করে লিখতে রাশিয়া তার শক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তিনি।

