ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নেই: ন্যাটো প্রধান

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের অভ্যন্তরে ন্যাটোর কোনো সেনা নেই এবং দেশটিতে কাউকে পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো জোটের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সংবাদে বলা হয়েছে ন্যাটো মহাসচিব বলেছেন, 'ইউক্রেনের অভ্যন্তরে ন্যাটোর কোনো সেনা বা ন্যাটোর কোনো সামরিক বাহিনীর সদস্য নেই। আমরা এটা স্পষ্ট করেছি যে, ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা ও উদ্দেশ্য আমাদের নেই।'

nato.jpg
ছবি: আল জাজিরা

তিনি আরও বলেন, 'আমরা এটা স্পষ্ট করেছি যে, ইতোমধ্যে সেনা বৃদ্ধি করেছি এবং পূর্বাঞ্চলে ন্যাটো জোটের সেনাদের উপস্থিতি বৃদ্ধি করছি।'

ইউক্রেন পশ্চিমা প্রতিরক্ষা জোটের অংশীদার হলেও ন্যাটোর পূর্ণ সদস্য নয়।