ইউক্রেনে মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার পরামর্শ
ইউক্রেনে মার্কিন নাগরিকদের 'নিরাপদস্থানে আশ্রয়' নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। দেশটিতে রুশ হামলা শুরুর পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাস থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, মার্কিন দূতাবাসের টুইটার বার্তায় বলা হয়েছে, 'কিয়েভ, খারকিভ, ওডেসা, ইভানো-ফ্রানকিভস্ক ও মারিউপলসহ ইউক্রেনের বড় শহরগুলোয় রুশ হামলার সংবাদ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতি ইউক্রেনে মার্কিন নাগরিকদের নিরাপদস্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।'
এতে আরও বলা হয়, 'যদি আপনি বিস্ফোরণের শব্দ শোনেন বা সাইরেনের আওয়াজ পান তাহলে দ্রুত নিজেকে শক্ত কোনোকিছু দিয়ে ঢেকে ফেলবেন।'
'যদি এমন সময় আপনি ঘরে থাকেন তাহলে বেজমেন্টে আশ্রয় নেবেন। দরজা-জানালা খোলা রাখা যাবে না এবং দরজা-জানালা থেকে দূরে থাকতে হবে।'
'যদি আপনি বাইরে থাকেন এবং নিজেকে ঢাকার মতো শক্ত কোনোকিছু না পান তাহলে দ্রুত শুয়ে পড়বেন এবং হাত দিয়ে মাথা ঢেকে রাখবেন।'