ইউক্রেনের ২ বিদ্রোহী অঞ্চলের নেতাদের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীদের ২ অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের প্রতিনিধিদের সঙ্গে মস্কোতে দেখা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে রাশিয়া-সমর্থিত ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে করতে দেখা গেছে।  

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ২ অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন,  'এমন সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। আমি মনে করি, দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি।'

গত ৭ বছর ধরে এই অঞ্চল দুটি নিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত বিরাজ করছে।

মস্কোপস্থি বিদ্রোহীরা ক্রেমলিনের সহায়তায় দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তীর্ণ অঞ্চলকে ইউক্রেন থেকে মুক্ত ঘোষণা করে। এরপর থেকে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ক্রমাগত লড়াই চলছে।