ইউক্রেনের সঙ্গে আলোচনায় মিনস্কে প্রতিনিধি পাঠাতে প্রস্তুত পুতিন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে শুক্রবার সন্ধ্যায় রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টাইমস এ খবর জানিয়েছে। 

পেসকভ বলেন, 'ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের প্রতিনিধিদের একটি দল মিনস্কে পাঠাতে প্রস্তুত।'

শুক্রবার দ্বিতীয় দিনের হামলার পর বিকেলে রাশিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিল ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোল্যাক বলছিলেন যে রাশিয়া যদি মস্কোতে আলোচনা করতে চায়, এতেও তারা প্রস্তুত আছেন।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনের সামরিক বাহিনী আত্মসমর্পণ করলেই তারা আলোচনায় রাজি।

গত কয়েক সপ্তাহে উত্তেজনার মধ্যে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করতে থাকে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী।

রাশিয়ান সামরিক বাহিনী জানায়, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি বিমানবন্দর দখল করেছে। তাদের দাবি, কিয়েভ পশ্চিম ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

কিয়েভের উপকণ্ঠে ওবোলোনস্কিতে সংঘাতের খবর পাওয়া গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের প্রথম দিনে ১৩০ জনেরও বেশি ইউক্রেনীয় বেসামরিক ও সামরিক কর্মী মারা গেছে।