ইউক্রেনের প্রতিবেশী লিথুয়ানিয়া ও মালদোভায় জরুরি অবস্থা ঘোষণা

স্টার অনলাইন ডেস্ক 

জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে লিথুয়ানিয়া ও মালদোভা। ইউক্রেনের সীমান্তবর্তী দেশ দুটির প্রেসিডেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। 
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নসেদা আজ বৃহস্পতিবার সকালে এক বক্তৃতায় বলেন, 'আজ আমি দেশে জরুরি অবস্থা জারির জন্য একটি ডিক্রিতে সাক্ষর করবো, যেটি পার্লামেন্টের এক্সট্রাঅর্ডিনারি অধিবেশনে পাস করা হবে।'
তিনি রাশিয়ার হামলাকে 'বিনা উস্কানিতে সামরিক আগ্রাসন' বলে আখ্যায়িত করেন। তিনি জানান, এ হামলায় 'লাখো নিরপরাধ জীবন হুমকির মুখে পড়েছে এবং এটি আন্তর্জাতিক স্থিতিশীলতার ভিত্তিমূলকে অবমাননা করেছে।' 
ন্যাটোর সদস্য হিসেবে 'লিথুয়ানিয়া নিরাপদ আছে', প্রেসিডেন্ট নসেদা জোর দিয়ে বলেন। হামলার সঙ্গে সম্পৃক্ততার কারণে বেলারুশের বিরুদ্ধে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করার কথা বিবেচনা করবেন বলেও তিনি জানান। 
মালদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডূ জানান, মালদোভায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে এবং দেশটি ইউক্রেন থেকে পালাতে থাকা হাজারো মানুষকে গ্রহণ করতে প্রস্তুত। 
'আমাদের সাহায্য যাদের প্রয়োজন, তাদেরকে আমরা সাহায্য ও সহায়তা দেব', যোগ করেন তিনি। 
উল্লেখ্য, লিথুয়ানিয়া ন্যাটোর সদস্য রাষ্ট্র হলেও মালদোভা এখনও সদস্যপদ পায়নি।