ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করবে ফ্রান্স

স্টার অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো শুক্রবার দেশটির দুটি আইনি সংস্থার কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে বলেছেন, ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করবে ফ্রান্স। তবে, সরঞ্জামগুলো কী হবে তা বিশদভাবে উল্লেখ করা হয়নি।

সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এমানুয়েল মাঁখো লিখেছেন, ইউক্রেনকে '৩০০ মিলিয়ন ইউরোর অতিরিক্ত বাজেট সহায়তা' দেবে এবং 'তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক উপাদান' সরবরাহ করবে ফ্রান্স।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্স এর আগে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেনি। তবে মানবিক সহায়তা এবং বাজেট সহায়তা দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির নাগরিকদের রুশ সেনাদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।