ইউক্রেনকে নিরস্ত্র করা লক্ষ্য, দখল করা নয়: রুশ পররাষ্ট্রমন্ত্রী
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথার পুনরাবৃত্তি করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো ইউক্রেন দখল করতে চায় না। তাদের লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্র করা।
আজ শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
একটি গণতান্ত্রিক দেশকে উৎখাত করা রাশিয়ার ইচ্ছা কি না, এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, 'দেশটিকে গণতান্ত্রিক বলা যাবে না।'
এ সময় ইউক্রেনে রুশভাষীদের প্রতি আচরণের বিষয়ে প্রশ্ন নিয়ে তোলেন তিনি।
কীভাবে রাশিয়া প্রতিবেশীর উপর আক্রমণকে ন্যায্যতা দিতে পারে, এমন প্রশ্নের জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাবেক যুগোস্লাভিয়া, ইরাক ও লিবিয়ায় পশ্চিমা হস্তক্ষেপের উল্লেখ করে বলেন, 'এসব জায়গায় গণতন্ত্র প্রচারের নামে হাজার হাজার হতাহতের ঘটনা ঘটেছে।'