আপাতত রুশ ব্যাংকের সুইফট লেনদেন বন্ধ হচ্ছে না: বাইডেন

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন আক্রমণের জন্য মস্কোর বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞার অংশ হিসেবে সুইফট গ্লোবাল আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার বলেছেন বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন সেই ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে, বাইডেন সাংবাদিকদের বলেন, রাশিয়ান ব্যাংকগুলোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে সুইফট থেকে বিচ্ছিন্ন করার প্রভাবকে ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে অন্যান্য দেশগুলো অতিরিক্ত উদ্যোগ নেওয়ার বিষয়ে রাজী হয়নি।

বাইডেন বলেন, 'এটি সবসময় একটি বিকল্প হিসেবে থাকবে। কিন্তু এই মুহূর্তে, ইউরোপের অন্যান্য দেশগুলো সেই ব্যবস্থা নিতে চায় না।'

নিষেধাজ্ঞা ঘোষণার আগে বেশ কয়েকটি ইইউ সূত্র রয়টার্সকে বলেছিল, বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো সত্ত্বেও ইইউ এর এই ব্যবস্থা নিতে রাজী হওয়ার সম্ভাবনা কম।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার জার্মানি এই সময়ে পেমেন্ট সিস্টেমে রাশিয়ার অ্যাক্সেস বন্ধ করার বিরোধিতা করেছে। তবে পরবর্তী পর্যায়ে এই ধরনের ব্যবস্থা অনুসরণ করতে পারে বলেও পরামর্শ দিয়েছেন৷