অস্ত্রধারণে সক্ষম হলেই ইউক্রেনের নাগরিকদের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান

স্টার অনলাইন ডেস্ক 

'অস্ত্র ধারণ করতে সক্ষম এবং প্রস্তুত আছেন' এমন নাগরিকদের ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সিই রেজনিকভ। আজ সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের পর তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

২৪ ফেব্রুয়ারি সকালে এক ফেসবুক পোস্টে ওলেক্সেই বলেন, 'প্রিয় দেশবাসী! শত্রুরা আক্রমণ করছে, কিন্তু আমাদের সেনাবাহিনী অপরাজেয়।'

'(শারিরীক ও মানসিক ভাবে) প্রস্তুত আছেন এবং অস্ত্র ধারণে সক্ষম, এমন যে কেউ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আওতাধীন আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে পারেন', যোগ করেন তিনি।

যারা অস্ত্র সংগ্রহ করতে চান, তাদেরকে প্রতিরক্ষামন্ত্রী তার নিজ এলাকার সেনা ব্রিগেড বা ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। 

ফেসবুক পোস্টে তিনি রুশ দখলদারদের ধ্বংস কামনা করেন এবং ইউক্রেনের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করেন। 

'প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আপনার শুধু পাসপোর্ট থাকলেই চলবে', বলেন প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সেই।