২৮ বাংলাদেশি নাবিক নিরাপদে বুখারেস্টে পৌঁছেছেন
ইউক্রেন থেকে উদ্ধার হওয়া ২৮ বাংলাদেশি নাবিক সীমান্ত পার হয়ে নিরাপদে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন।
আজ রোববার রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'তারা স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় বিকাল ৪টা) বুখারেস্টে পৌঁছাযন। নাবিকরা এখন একটি হোটেলে আছেন এবং তাদের দেশে ফিরিয়ে আনতে টিকিট কেনা প্রক্রিয়াধীন আছে।'
এর আগে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, 'রোমানীয় সীমান্তে পৌঁছাতে তাদের প্রায় ১৬ ঘণ্টা সময় লাগে। কারণ অনেক মানুষ ইউক্রেন ছেড়ে যাচ্ছেন, তাই রাস্তায় যানজট ছিল। অন্য সময়ে সাধারণত ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে।'
বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন বাংলার সমৃদ্ধির নাবিকরা যুদ্ধের কারণে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকে ছিলেন। গত ২ মার্চ ক্ষেপণাস্ত্র হামলায় একজনের মৃত্যু হয়। এরপর বাকি নাবিকদের নিরাপত্তার কারণে উপকূলে নেওয়া হয়।
