সাদা পতাকা উড়ালেই আজোভস্তালে অবরুদ্ধদের সরতে দেওয়া হবে: রাশিয়া

স্টার অনলাইন ডেস্ক

সাদা পতাকা উত্তোলন করলে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজোভস্তাল ইস্পাত কারখানায় অবরুদ্ধ সেনাদের সেখান থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়া। সেনাদের সঙ্গে কোনো বেসামরিক নাগরিক আটকা থাকলে তাদেরও নিরাপদে বের হয়ে যেতে দেওয়া হবে।

আজ শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয় বলে এএফপির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ও দ্য গার্ডিয়ান।  

বিবৃতিতে মন্ত্রণালয় বলে, রাশিয়া বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক বিরতি ঘোষণা করতে যে কোনো মুহূর্তে প্রস্তুত। আজোভস্তালের ঘের বরাবর বা সেখানকার নির্দিষ্ট এলাকায় ইউক্রেনের বাহিনী সাদা পতাকা উত্তোলন করলেই যুদ্ধবিরতি শুরু হবে।

যদি আজোভস্তাল কারখানার কোনো অংশে এই ধরনের লক্ষণ পাওয়া যায়, তবে রাশিয়ার সশস্ত্র বাহিনী অবিলম্বে সব ধরনের শত্রুতামূলক আচরণ বন্ধ করবে এবং নিরাপদ প্রস্থানের সুযোগ করে দেবে।  

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক নাগরিকদের হয় ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে বা রাশিয়ায় নিয়ে যাওয়া হবে। আর ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে তাদের 'জীবনের গ্যারান্টি' দেওয়া হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন এখন পর্যন্ত এই প্রস্তাবে সাড়া দেয়নি।