শি জিনপিংয়ের সঙ্গে আজ কথা বলবেন বাইডেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে 'পুরনো বন্ধু' চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ শুক্রবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, আজ গ্রিনিচ মান সময় ১৩টায় জিনপিং ও বাইডেনের কথা হবে।

পশ্চিমের দেশগুলোর নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়াকে বাঁচানোর চেষ্টা করা হলে বেইজিংকে এর 'মূল্য' দিতে হবে—এমন বার্তা বাইডেন চীনের প্রেসিডেন্টকে দিতে চান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়াকে 'প্রতিরোধ' করতে চীনের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকির উদ্ধৃতি দিয়ে আরটির প্রতিবেদনে বলা হয়, আজ জিনপিংয়ের সঙ্গে বাইডেনের নির্ধারিত আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার বিষয়ে চীনের অবস্থান সম্পর্কে জানতে চাইবেন।

গতকাল প্রেসসচিব সাকি সাংবাদিকদের বলেন, 'যুক্তরাষ্ট্র বিশ্বাস করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চীনের যে প্রভাব আছে তা প্রয়োগ করা উচিত। আন্তর্জাতিক আইন ও নীতিমালা রক্ষায় চীনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।'

তিনি আরও বলেন, 'চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে অথচ এই দেশটি ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা পর্যন্ত করেনি।'