শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই: ক্রেমলিন

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আজ সোমবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।  

পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকের ভিত্তি তৈরি হওয়ার জন্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি দরকার।

'২ প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠকের কথা বলতে হলে, হোমওয়ার্ক করতে হবে। আলোচনা হতে হবে এবং ফলাফলে একমত হতে হবে। এখন পর্যন্ত কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি', তিনি বলেন।

মস্কোর অভিযোগ, ইউক্রেন অগ্রহণযোগ্য প্রস্তাব তুলে শান্তি আলোচনা স্থগিত করছে। অন্যদিকে ইউক্রেন বলছে, তারা আলোচনা করতে ইচ্ছুক। কিন্তু তারা আত্মসমর্পণ করবে না বা রুশ আলটিমেটাম মেনে নেবে না।