রুশ হামলায় ইউক্রেনের ৫৩ সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: ইউনেস্কো
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩টি সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।
আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে রয়েছে ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, ৪টি জাদুঘর এবং ৪টি স্মৃতিস্তম্ভ।
ক্ষতিগ্রস্ত বেশিরভাগ স্থাপনা ইউক্রেনের বৃহত্তম ২ শহর কিয়েভ এবং খারকিভে অবস্থিত। তবে দেশটির অন্যতম প্রাচীনতম শহর চেরনিহিভের কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'এটি সর্বশেষ তালিকা, তবে সম্পূর্ণ নয়। কারণ আমাদের বিশেষজ্ঞরা এখনো বেশ কয়েকটি প্রতিবেদন যাচাই অব্যাহত রেখেছেন।'
ইউনেস্কো জানায় যে, তারা ক্ষয়ক্ষতি যাচাই করতে স্যাটেলাইট ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা আমলে নিচ্ছেন।