রুশ সেনাদের গুলিতে ইউক্রেনীয় ফটোসাংবাদিক নিহত, দাবি ইউক্রেনের
ইউক্রেনীয় ফটোসাংবাদিক ও ভিডিওগ্রাফার মাকসিম লেভিন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ছবি সংগ্রহের সময় নিহত হয়েছেন। তিনি ইউক্রেনের একটি অনলাইনে কাজ করতেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে বলা হয়, রুশ সশস্ত্র বাহিনীর গুলিতে লেভিনের মৃত্যু হয়েছে। তবে, রয়টার্স ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমে এলবিডটইউএ জানিয়েছে, গত ১ এপ্রিল ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে একটি গ্রামে তার মরদেহ পাওয়া যায়।
১৯৮১ সালে জন্মগ্রহণকারী লেভিন একজন প্রামাণ্যচিত্র নির্মাতা ছিলেন। তিনি ২০১৩ সাল থেকে রয়টার্সের হয়েও কাজ করছিলেন। তিনি হুতা মেঝিহিরস্কাতে কাজ করতেন। ওই এলাকায় ব্যাপক গোলাবর্ষণ হয়েছে।
রয়টার্সের গ্লোবাল ম্যানেজিং এডিটর ফর ভিজ্যুয়ালস জন পুলম্যান বলেন, ইউক্রেনে রয়টার্সে দীর্ঘদিন অবদান রাখা মাকসিম লেভিনের মৃত্যুর খবরে শোকাহত। তিনি ২০১৩ সাল থেকে ইউক্রেন থেকে রয়টার্সকে ছবি ও ভিডিও সরবরাহ করেছেন।