রুশ বাহিনীর নিয়ন্ত্রণে পূর্ব ইউক্রেনের ক্রেমিন্না

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি গাইদাই বলেছেন, পূর্ব ইউক্রেনের ক্রেমিন্না শহর নিয়ন্তণে নিয়েছে রুশ বাহিনী এবং শহরটি থেকে ইউক্রেনের সেনারা সরে গেছে। রয়াটর্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগে ক্রেমিন্নার জনসংখ্যা ছিল ১৮ হাজারের বেশি। ধারণা করা হচ্ছে পূর্ব ইউক্রেনে রাশিয়া নতুন করে আক্রমণ শুরুর পর রুশ বাহিনীর দখলে যাওয়া এটিই প্রথম শহর।

সের্হি গাইদাই এক সংবাদ সম্মেলনে বলেন, ক্রেমিন্না রাশিয়ানদের নিয়ন্ত্রণে আছে এবং তারা শহরটিতে প্রবেশ করেছে। আমাদের ডিফেন্ডারদের সরে দাঁড়াতে হয়েছে। তারা নতুন অবস্থানে নিয়েছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

অবশ্য রুশ বাহিনী কখন ক্রেমিন্না নিয়ন্ত্রণে নিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তবে তিনি বলেন, তারা 'সব দিক থেকে' হামলা চালিয়েছে।