রুশ অর্থনীতি-রুবল বিনিময় হার স্থিতিশীল হচ্ছে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হচ্ছে এবং রুশ মুদ্রা রুবলের বিনিময় হার ফেব্রুয়ারির প্রথম দিকে যেমন ছিল, সেই অবস্থায় ফিরে আসছে।
আজ সোমবার অর্থনীতি বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রাশিয়ার সংবাদসংস্থা তাস।
পুতিন বলেন, 'রাশিয়া অভূতপূর্ব চাপ সহ্য করেছে। তবে পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, রুবলের বিনিময় হার ফেব্রুয়ারির প্রথমার্ধের স্তরে ফিরে এসেছে। দেশের ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা ফিরে আসছে এবং নাগরিকদের আমানতের পরিমাণ বাড়ছে।'
'আমি আলাদাভাবে মুদ্রাস্ফীতির বিষয়টির কথা বলতে চাই। এটিও এখন স্থিতিশীল হচ্ছে', যোগ করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ফেডারেল ও আঞ্চলিক উভয় পর্যায়ে রাশিয়ার দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা আনা কর্তৃপক্ষের মূল কাজ হওয়া উচিত।
রুশ কর্তৃপক্ষকে ব্যবসার জন্য ঋণের প্রাপ্যতা বাড়ানোসহ অভ্যন্তরীণ চাহিদাকে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।