রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ার কারণ জানাল সার্বিয়া
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক বলেছেন, ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পশ্চিমা চাপ উপেক্ষা করায় সার্বিয়াকে অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের নীতি থেকে সরতে চায়নি সার্বিয়া। এ ছাড়া, রাশিয়ার তেল ও গ্যাস সার্বিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পিঙ্ক টিভিকে দেওয়া আলেকজান্ডার ভুসিকের সাক্ষাৎকারের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন, 'রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ না করায় আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু আমরা যদি নিষেধাজ্ঞা আরোপ করতাম, তাহলে কারও বিরুদ্ধে নিষেধাজ্ঞা সমর্থন না করার যে নীতি আমাদের আছে, তা থেকে সরে আসতে হতো। আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে জানি, নিষেধাজ্ঞা অনৈতিক ও অকার্যকর।'
তিনি আরও বলেন, 'তাদের ভাষায় আমি বিশ্বাসঘাতক। ইউরোপে একমাত্র আমি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করিনি। আপনারা আমাকে যা খুশি ডাকুন, কিন্তু জনগণ কী ভাবছে, তা তারা দেখিয়ে দিয়েছে (নির্বাচনের সময়)।'
এই মাসের শুরুতে ৫৮ শতাংশ ভোট পেয়ে পুন:নির্বাচিত হন ভুসিক। তিনি বারবার বলে আসছেন, রাশিয়ার ওপর বিধিনিষেধ দিতে বেলগ্রেড গুরুতর চাপের মধ্যে আছে।
'আমি যদি বিশ্বের এক নম্বর নায়ক হতে চাইতাম, তবে পুতিনের বিরুদ্ধে কিছু বলাই যথেষ্ট ছিল। সবাই আমাকে পুরস্কার দিত এবং আমাকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রবাদী বলত', বলেন ভুসিক।
এ ছাড়া, রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করলে সার্বিয়ান অর্থনীতি পঙ্গু হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।