রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা: আরটি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরটি'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৬টা থেকে আগুনের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।

বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক প্রধান ভিচেস্লাভ গ্লাদকভ জানান, এ ঘটনায় ডিপোর ২ কর্মী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি বলেন, 'জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আছেন। অগ্নিকাণ্ডের কারণ আমরা পরে জানতে পারব।'

আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন, যে কারণে পার্শ্ববর্তী ৩টি রাস্তার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পরবর্তীতে গ্লাদকভ দাবি করেছেন যে, দুটি ইউক্রেনীয় সামরিক হেলিকপ্টার দ্বারা ওই ডিপোতে হামলা চালানো হয়েছে, যেগুলো কম উচ্চতায় উড়তে গিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে।

তবে ঘটনার বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি'র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরোদে তেলের ডিপোর ৮টি ট্যাংকে আগুন জ্বলছে এবং আরও ৮টি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।